আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ।।
বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আবারও সক্রিয় হয়েছে জ্বালানি তেলের চোরাচালান চক্র। তবে তাদের সেই অপতৎপরতা ভেস্তে দিয়েছে কোস্ট গার্ডের তৎপরতা। প্রায় ৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তেলসহ চারজনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার নলচিরা ঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
অভিযান চলাকালে একটি বিদেশি তেলবাহী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা জ্বালানি তেল পাচারের সময় হাতেনাতে চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ লিটার পেট্রোল ও ২ হাজার ১৫ লিটার ডিজেল জব্দ করা হয়। এছাড়াও তেল পরিবহনে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়েছে।
আটককৃতরা সবাই হাতিয়ার নলচিরা ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন—মো. মিলন (২২), মো. রিয়াজ (২০), মো. স্বপন (২২) ও মো. ফয়েল (১৯)। কোস্ট গার্ড জানায়, জব্দকৃত জ্বালানি তেল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, দেশের জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালান রোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
স্থানীয়দের মতে, মেঘনা নদীপথে দীর্ঘদিন ধরেই একটি চক্র অবৈধভাবে জ্বালানি তেল পাচার করে আসছে। সাম্প্রতিক এ অভিযানে সেই চক্রের বিরুদ্ধে শক্ত বার্তা গেছে বলে মনে করছেন তারা।
আপনার মতামত লিখুন :