পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনায় বিচার ব্যবস্থায় বিদ্যমান প্রতিবন্ধকতা দুর করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন এবং বিচার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সমন্বয়ে পুলিশ -ম্যাজিস্ট্রেসি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা তাবাসসুম ই জান্নাত।
এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে তাবাসসুম।
সভায় র্যাবের কোম্পানি কমান্ডার লে: ওয়াহিদুজ্জামান, পিবিআই (পুলিশ সুপার) মোহাম্মদ মাহফুজুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ কবীর, পাবলিক প্রসিকিউটর গোলাম সারোওয়ার খান জুয়েল, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ, সম্পাদক এ্যাডভোকেট মলয় কুমার দাস রায়, বিভিন্ন আদালতের বিজ্ঞ বিচারক, বিচার কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালকের প্রতিনিধি, সিভিল সার্জনের প্রতিনিধি, সিআইডির প্রতিনিধি, জেল সুপারের প্রতিনিধি সহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন স্বাগত বক্তব্য দেন। তিনি বিচার বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সকল সংস্থার সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করার আহ্বান জানান। এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান বিগত সভায় অগ্রাধিকার প্রাপ্ত বিষয় সমূহের বাস্তবায়ন, অগ্রগতি, অন্তরায় ও করণীয় বিষয়ে একটি তথ্যভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনে ফৌজদারি বিচার ব্যবস্থার বিভিন্ন অন্তরায় চিহ্নিত করা হয় এবং সেসব সমস্যা সমাধানে পারস্পারিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে করণীয় নির্ধারণ করা হয়।
এছাড়াও তদন্ত কার্যক্রমের গতি বৃদ্ধি, সাক্ষীদের উপস্থিতি নিশ্চিতকরণ, প্রতিবেদন দাখিলে বিলম্ব নিরসন, আদালত ও তদন্ত সংস্থার মধ্যে সমন্বয় জোরদারকরণ, চিকিৎসা ও ফরেনসিক সংক্রান্ত প্রতিবেদন দ্রুত প্রাপ্তি এবং বিচার প্রক্রিয়ার বিভিন্ন প্রশাসনিক জটিলতা নিরসনের বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা এসব সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: আখতারুজ্জামান বলেন, “বিচারকার্য পরিচালনার সময় আদালতকে বিচার সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়েই কাজ করতে হয়। সকলের সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বিদ্যমান অন্তরায় গুলো দূর করে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব।” তিনি বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন বলেন, “সকলের আন্তরিকতা ও কর্মতৎপরতার কারণেই বিচার কার্যক্রম স্বাভাবিকভাবে চলমান রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকলেও তা সকলের আন্তরিক প্রচেষ্টায় কমিয়ে আনা সম্ভব।
এসবক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সক্রিয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, এই সম্মেলনের মাধ্যমে পাবনায় বিচার বিভাগ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতার ভিত্তি আরও সুদৃঢ় হবে।
আপনার মতামত লিখুন :