বিজ্ঞান মেলায় জেলার সেরা পাংশার কাজী আব্দুল মাজেদ একাডেমী


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ 


বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য সাফল্যের স্বাক্ষর রেখেছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ঐতিহ্যবাহী কাজী আব্দুল মাজেদ একাডেমী।


সম্প্রতি স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম আয়োজিত বিজ্ঞান মেলায় পাংশা উপজেলা ও রাজবাড়ী জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে যাওয়ার নতুন ইতিহাস সৃষ্টি করেছে কাজী আব্দুল মাজেদ একাডেমী।


আগামী ২৯ জুন রাজধানী ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পর্যায়ে স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।


জানা যায়, গত ১১ জুন পাংশা উপজেলায় অনুষ্ঠিত শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে উক্ত প্রোগ্রামে কাজী আব্দুল মাজেদ একাডেমী উপজেলা পর্যায়ে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অধিকার করে।


এরপর গত ১৪ জুন কাজী আব্দুল মাজেদ একাডেমী রাজবাড়ী জেলা পর্যায়ের প্রজেক্ট উপস্থাপনে অংশগ্রহণ করে এবং ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে যাওয়ার গৌরব অর্জন করেছে।


কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক শাহিনা আক্তার পলি ও শারমিন আক্তারের নেতৃত্বে যৌথভাবে প্রজেক্টটি তৈরি করেছে দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাজীব আগরওয়ালা, মো. দিদার হোসেন ও এস.এ.এম. দাউদ।


প্রকল্পটি হল স্মার্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। যাতে রয়েছে খুবই সীমিত খরচে অধিক লাভ সম্পন্ন ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীদের অটোমেটিক ফেস ডিটেকটিভ-এর মাধ্যমে একই সাথে একাধিক শিক্ষক ও শিক্ষার্থীদের স্বয়ংক্রিয় ভাবে হাজিরা নিতে পারবে, উপস্থিতির তালিকা তৈরী করতে পারবে ও তথ্য সংরক্ষণ করতে পারবে।


শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করার সাথে সাথেই সিস্টেমে তার উপস্থিতির সময় নথিভুক্ত হবে। যদি কোন শিক্ষার্থী উপস্থিত না থাকে তাহলে তাৎক্ষণিক ভাবে অভিভাবকের মোবাইলে স্বয়ংক্রিয় এসএমএস চলে যাবে। এ ছাড়াও সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক উপস্থিতির তথ্য সংরক্ষিত থাকবে। তাছাড়াও অতিরিক্ত জনবল ও অধিক ডকুমেন্টের ব্যবহার কমানো যাবে।


শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামূলক মনোভাব এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার সমন্বয়ে বিদ্যালয়টির এ সাফল্য অর্জিত হয়েছে। প্রতিষ্ঠানটির এ অর্জন শুধু বিদ্যালয়ের নয়, বরং সমগ্র পাংশা উপজেলা ও রাজবাড়ী জেলার জন্য গর্বের বিষয়। বিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলী বলেন, এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা শিক্ষার আলো ছড়াতে পাংশা শহরের মাগুড়াডাঙ্গী গ্রামে ১৯৮৫ সালে কাজী আব্দুল মাজেদ একাডেমী প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি খেলাধুলা, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলাসহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে।


তিনি শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের সাফল্য অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর শিক্ষা বিস্তারে জাতীয় পর্যায়ে “স্টার্টআপ, সাইন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং” প্রোগ্রাম আয়োজিত বিজ্ঞান মেলায় ৬৪ জেলা থেকে ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগী দল এবং মহানগর এলাকা থেকে ১১টি প্রতিষ্ঠানের প্রতিযোগী দল অংশগ্রহণ করবে। ৬৪টি জেলা থেকে প্রতিযোগী দল গুলোর মধ্যে রাজবাড়ী জেলা থেকে প্রথম স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পাংশা উপজেলার কাজী আব্দুল মাজেদ একাডেমী জাতীয় পর্যায়ে রাজবাড়ী জেলার প্রতিনিধিত্ব করবে। যা আমাদের পাংশাবাসীর জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ