এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালী জেলার বিভিন্ন থানা ও এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে জেলার বিভিন্ন থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকের ভয়াবহতা রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ডরঅপস্) পেয়ার আহমেদ জানান, জেলার বিভিন্ন থানায় মোট ২০টি অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে ৪ জন মাদক ব্যবসায়ী ও ৯ জন মাদকসেবী রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এদের মধ্যে সুধারাম মডেল থানায় ৩ জন বেগমগঞ্জ থানায় ৪ জনসেনবাগ থানায় ২৩ পিস ও ২০ পিস ইয়াবাসহ ৪ জন, চরজব্বর থানায় ৪৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জন ও কবিরহাট থানায় ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে সুধারাম মডেল থানায় ৩ জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা, বেগমগঞ্জ থানায় ৪ জনের বিভিন্ন অংকের জরিমানা ও ৭ দিনের কারাদণ্ড এবং সেনবাগ থানায় ২ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানের বিষয় নোয়াখালী পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং আপসহীন। ইয়াবা কিংবা যেকোনো ধরনের মাদকের ছোবল থেকে আমাদের তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষা করতে নোয়াখালী জেলা পুলিশ কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
আজকের এই বিশেষ অভিযান তারই একটি অংশ। আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তবে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাই নয়, মাদকের বিরুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীসহ সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন।
আপনার মতামত লিখুন :