সুবর্ণচরে জামায়াত নেতার বাড়ি থেকে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক জামায়াত নেতার বাড়ি থেকে মজুত করা ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


শনিবার (১৬ মে) সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে উপজেলার ১নং চরজব্বার ইউনিয়নের ইমানআলী বাজারসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তার ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের আমির বলে জানা গেছে।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামাদ ডাক্তারের বাড়িতে সরকারি চাল মজুত করে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে শনিবার সকালে স্থানীয় লোকজন তার বাড়িতে গিয়ে একটি কক্ষে সরকারি বস্তায় রাখা প্রায় ৯৯ বস্তা চাল দেখতে পান। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ও চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালগুলো জব্দ করে।


স্থানীয়দের দাবি, সকালে প্রশাসনকে খবর দেওয়া হলেও পুলিশ দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত সামাদ ডাক্তার আত্মগোপনে রয়েছেন বলেও জানান তারা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুস সামাদ মোবাইল ফোনে বলেন, “চালগুলো আমি রামগতির একটি মাদ্রাসা থেকে কিনেছি।” এর বেশি কিছু না বলে তিনি ফোন কেটে দেন।


এ বিষয়ে চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক বলেন, রামগতির পোড়াগাছা ও পার্শ্ববর্তী ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার সরকারি বরাদ্দের চাল বৈধভাবে ক্রয় করেছেন আবদুস সামাদের ছোট ভাই কামাল। কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে ‘অবৈধ চাল’ হিসেবে প্রচার করে প্রশাসনকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। প্রশাসনের নিরপেক্ষ তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, উদ্ধার করা চাল প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে। অন্যথায় তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ