মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে স্থানীয় মাদকবিরোধী টিমের অভিযানে আজ শনিবার ৫০ পিস ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটক ব্যক্তি মোহাম্মদপুর ইউনিয়নের চর আলা উদ্দিন গ্রামের পুরাতন ফেরিঘাট এলাকার মো. ইসমাইলের ছেলে মো. মধু। স্থানীয়দের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় যুব সমাজ তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করে।
মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আজাদ স্থানীয় যুবকদের সমন্বয়ে গঠিত 'মাদকবিরোধী মোহাম্মদপুর টিম' পরিচালনা করছেন। তিনি জানান, আজকের অভিযানে স্থানীয় সচেতন যুবক জীবন মাহমুদের সক্রিয় সহযোগিতায় মাদকে যুক্ত লোকটিতে ধরা সক্ষম হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক হওয়ার সময় মো. মধু কৌশলে আরও ৫০ পিস ইয়াবার একটি পুটলি দূরে ছুড়ে ফেলে দেয়। পরে অনেক খোঁজাখুঁজি করেও সেটি উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৫০ পিসে সীমাবদ্ধ থাকে। স্থানীয়দের ধারণা, পুটলিটি উদ্ধার করা গেলে মোট ইয়াবার সংখ্যা ১০০ পিস হতো।
নুরুল ইসলাম আজাদ গণমাধ্যমকে জানান, মোহাম্মদপুর ইউনিয়নকে মাদকমুক্ত করতে ইতোমধ্যে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বেশ কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে। কারও শাস্তি কার্যকর হয়েছে, আবার কারও বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ইউনিয়নে গড়ে ওঠা মাদক সিন্ডিকেট ভেঙে দিতে একটি স্বেচ্ছাসেবী টিম নিয়মিত মাঠে কাজ করছে। স্থানীয় জনগণের সহযোগিতায় ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক মো. মধুকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :