মো. রেদওয়ান হোসেন সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুবর্ণচর উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বিকেল ৫ টায় জামায়াতের সুবর্ণচর উপজেলা কার্যালয়ে এ সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামের উপজেলা যুব বিভাগ।

সমাবেশে সেক্রেটারি হাফেজ সৈয়দ আহমেদ হেলালের সঞ্চালনায় ও উপজেলা যুব বিভাগের সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব বিভাগের নোয়াখালী জেলার অন্যতম উপদেষ্টা অধ্যাপক শেখ সাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা যুব বিভাগের প্রধান উপদেষ্টা মাওলানা জামাল উদ্দিন, উপদেষ্টা জামান উল্যাহ মুকুল, উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল বিন মোস্তফা, উপজেলা যুব টিমের সদস্য হাফেজ সাইফুর রসূল ফুয়াদ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শেখ সাহাব উদ্দিন বলেন, দেশ ও জাতির অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকরাই দেশের শক্তি এবং তারাই আগামীর দেশের নেতৃত্ব দেবে। তরুণ ও যুবসমাজকে নৈতিকতা, আদর্শ, শিক্ষা ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, যুবসমাজ চাইলে সমাজ পরিবর্তন ও দেশের উন্নয়নে অনন্য ভূমিকা রাখতে পারে। একটি শক্তিশালী, সচেতন ও দায়িত্বশীল যুবসমাজই পারে দেশকে সামনে এগিয়ে নিতে। তাই দেশ ও জাতির কল্যাণে যুবকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনার সময় অন্যান্য বক্তারা আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে শিক্ষা, দক্ষতা, নৈতিকতা ও আদর্শের মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের ইতিবাচক পরিবর্তন ও দেশ গঠনে যুবকদের সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দায়িত্বশীল ও কর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় পর্যায়ের তরুণ এবং যুবক যুবকেরাও সমাবেশে উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :