চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা প্রতিনিধি :


চিকিৎসার জন্য ভারতে গিয়ে কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার আলিমুজ্জামান সাজুর মরদেহ দেশে ফিরেছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে ভোমরা স্থলবন্দর দিয়ে তার মরদেহ বাংলাদেশে পৌঁছায়।


ভোমরা ইমিগ্রেশনে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম শুরু হয়। পরে স্বজনেরা মরদেহ নিয়ে কালিগঞ্জ উপজেলার নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


ভোমরা ইমিগ্রেশনের কর্মকর্তা সজিব বালা মরদেহ দেশে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার দুপুরে ভোমরা ইমিগ্রেশন দিয়ে মরদেহটি দেশে এসেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে।


সাজুর বড় ভাই সাহেব সরদার বলেন, ভোমরা স্থলবন্দর দিয়ে সাজুর মরদেহ দেশে পাঠানো হয়েছে। মরদেহ নিয়ে তারা বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। জোহরের নামাজের পর দাফনের প্রস্তুতি থাকলেও মরদেহ পৌঁছাতে দেরি হওয়ায় সময় কিছুটা পরিবর্তন হতে পারে। এরই মধ্যে বাড়িতে দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কালিগঞ্জে সাজুর বাড়িতে গিয়ে দেখা যায়, সকাল থেকেই স্বজন ও প্রতিবেশীরা মরদেহের অপেক্ষায় রয়েছেন। বাড়ির পাশে কবর খনন করে রাখা হয়েছে। মরদেহ বাড়িতে পৌঁছানোর পর জানাজা ও দাফনের কার্যক্রম শুরু হবে বলে পরিবারের সদস্যরা জানান।


পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ আগস্ট) রাতে কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় সাজুর মৃত্যুর খবর স্বজনদের কাছে পৌঁছায়। চিকিৎসা শেষে শনিবার দেশে ফেরার কথা ছিল তার। তবে দেশে ফিরতে হলো মরদেহ হয়ে।


কলকাতায় রেবতীর শেষকৃত্য, একই অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রেবতী সরকারের শেষকৃত্য কলকাতায় সম্পন্ন হয়েছে। তার ছেলে-মেয়ে ভারতে অবস্থান করায় শুক্রবার কলকাতার নিমতলা ঘাটে তার শেষকৃত্য করা হয়। এ সময় রেবতীর স্বামীও সেখানে উপস্থিত ছিলেন।


শনিবার সকালে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে রেবতীর দেবর তপন সরকার বলেন, রেবতী তার বড় ভাইয়ের স্ত্রী। চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে তিনি ভারতে গিয়েছিলেন। শনিবার তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে ফেরার কথা থাকলেও তাকে লাশ হতে হবে এটি তারা কখনো ভাবেননি।


তপন সরকার আরও বলেন, রেবতীর ছেলে-মেয়ে ভারতে থাকায় কলকাতার নিমতলা ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তার বড় ভাইও সেখানে ছিলেন। গত রাতেও তার সঙ্গে কথা হয়েছে। কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে সাজু ও রেবতীর মৃত্যুতে কালিগঞ্জের দুটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সাজুর মরদেহ দেশে ফেরার খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা তার বাড়িতে ইমিতধ্যে জড়ো হয়েছেন। শেষবারের মতো তাকে দেখতে ভিড় করছেন তারা।


চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কালিগঞ্জের স্বজনদের মধ্যে শোক ও হতাশা নেমে এসেছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ