নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরা শহরের তালতলা এলাকায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশের একটি নর্দমা থেকে কহিনুর বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত কহিনুর বেগম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের খেলারডাঙ্গী এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে পাটকেলঘাটা থানা এলাকায় বসবাস করতেন এবং তালতলা এলাকার ‘বিসমিল্লাহ ফুড ফ্যাক্টরি’তে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যানচালক শরিফুল ইসলাম ভ্যানে বালু লোড দেওয়ার সময় মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে যান। এ সময় তিনি পাশের বিলের পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখে বিষয়টি বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান।
পরে আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে কালো বোরকা পরিহিত ওই নারীর মরদেহ পানিতে ভাসতে দেখে সদর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করেছে। স্থানীয়দের দাবি, মরদেহের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় কহিনুর বেগম হিসেবে শনাক্ত হয়েছে। মরদেহের সুরতহাল কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
আপনার মতামত লিখুন :