হামলা মামলায় আত্মসমর্পণ: জেলহাজতে আওয়ামী লীগ নেতা শামীম ও খোকন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

এম আরিফুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।


আদালতে হাজিরা দিয়ে জেলহাজতে আওয়ামী লীগ নেতা মোহাব্বত আলী শামীম ও আব্দুর রহিম খোকন।


সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় ২০২৪ সালের গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট একাধিক মামলার আসামি হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোহাব্বত আলী শামীম এবং তার ভাই আব্দুর রহিম খোকন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


মামলা সূত্রে জানা যায়, সলঙ্গা থানায় হামলা, হাটিকুমরুল হাইওয়ে থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় তারা আসামি। এছাড়া জুলাই-পরবর্তী সময়ে ছাত্রদল নেতা রাকিব হোসেন খাঁন ও তার কর্মীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলাতেও তাদের নাম রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ ওই হামলা মামলায় হাজিরা দিতে এসে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।


স্থানীয় সূত্র ও পূর্বে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদনের তথ্যমতে, মোহাব্বত আলী শামীমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, জাল নোট চক্রের সঙ্গে সম্পৃক্ততা, মাদক ব্যবসা এবং ভূমি দখলের অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে এসব অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন বলেও জানা যায়। মাদক, জুয়া ও ভূমি-সংক্রান্ত বিভিন্ন মামলার নথিতেও তার নাম রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে সিরাজগঞ্জ শহর ও সিরাজগঞ্জ রোড এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর সংঘটিত হামলায় মোহাব্বত আলী শামীম সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ওই সময় সিরাজগঞ্জ শহরে সংঘটিত সহিংস ঘটনায় তিনজন নিহত হওয়ার তথ্য বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।


সংশ্লিষ্ট মামলাগুলোর আরও কয়েকজন আসামি বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন হাটিকুমরুল ইউনিয়ন শ্রমিক লীগের নেতা ফিরোজ শেখ, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শেখ এবং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেস শেখ।


অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বা তাদের আইনজীবীদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ