সেলিম আহম্মেদ, গাজীপুর জেলা প্রতিনিধি।।
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় ফিল্মি কায়দায় এক মসজিদের ইমাম পিতাকে পিস্তল ঠেকিয়ে মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর হামলা এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। ঘটনার ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো অপহৃত কিশোরীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
ঘটনাটি উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকার মাওনা চৌরাস্তার প্রশিকা মোড় এলাকায় ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা হাদিউল ইসলাম (৪৩) ১০ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত আবিদসহ অপহৃত কিশোরীর কোনো সন্ধান না মেলায় উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে স্বজনদের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন জানান, এ ঘটনায় ইতোমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত আবিদসহ অপহৃত কিশোরীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগীর বাবা, স্থানীয় একটি মসজিদের ইমাম ও খতিব হাদিউল ইসলাম বলেন, “আমরা ভাড়া বাসায় থাকি। এলাকার মুদি দোকানদার আবিদের নেতৃত্বে একদল সন্ত্রাসী তিনদিন আগে আমার ১৬ বছর বয়সী মেয়েকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। তারা আমাদের ঘরবাড়ি ভাঙচুর করে, পরিবারের সদস্যদের মারধর করে এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।”
তিনি আরও বলেন, “ঘটনার পরপরই থানায় মামলা করেছি, কিন্তু এখনো আমার মেয়েকে উদ্ধার করা হয়নি। আমি চরম দুশ্চিন্তায় আছি। দ্রুত মেয়েকে উদ্ধারে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করছি।”
আপনার মতামত লিখুন :