মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
মোংলা পোর্ট পৌরসভার নিজস্ব নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় পৌর শহরের পুরাতন রিমঝিম সিনেমা হল চত্বরে বর্তমান নতুন পৌর ভবন চত্বরে এ ভবন ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রেফাতুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী এস,এম হাবিবুল্লাহ, পৌর বিএনপির সভাপতি মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
পৌর নির্বাহী প্রকৌশলী এস,এম হাবিবুল্লাহ জানান, ৮ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও মোংলা পৌরসভার রাজস্বের অর্থায়নে যৌথভাবে এ ভবন নির্মিত হচ্ছে। তিন তলা বিশিষ্ট এ পৌর ভবন নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সৌকত এন্টারপ্রাইজ।
প্রতিষ্ঠানটি আগামী ১৮ মাসের মধ্যে এ ভবন নির্মাণ কাজ সম্পন্ন করবেন। তিনি আরো বলেন, ১৯৭৫ সালে মোংলা পোর্ট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দীর্ঘ ৫১ বছর পর পৌরসভার নতুন ভবন নির্মাণ হতে যাচ্ছে। এর আগে বিভিন্ন জায়গায় ভাড়ার ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিলো।
আপনার মতামত লিখুন :