মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহতসহ মোট ১০ জন যাত্রী আহত হয়েছেন। আজ ভোররাতে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের খাসের হাট রাস্তার মাথার উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘বাঁধন’ পরিবহনের একটি বাস খাসের হাট রাস্তার মাথার উত্তর পাশে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বৈদ্যুতিক খুঁটিবাহী একটি লরির সঙ্গে ধাক্কা ও সংঘর্ষ ঘটে। এতে বাস ও লরিটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাৎক্ষণিক সংঘটিত এ দুর্ঘটনায় গুরুতর আহত ৫ জনসহ মোট ১০ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এ ঘটনায় নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক, পরিবহন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের নোয়াখালী জেলার নেতা সাংবাদিক মো. রেদওয়ান হোসেন। তিনি বলেন, 'সড়কে দুর্ঘটনা কমাতে আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে খাসের হাট রাস্তার মাথার উত্তর পাশে প্রধান সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটিবাহী ভারী যানবাহন রাখার ক্ষেত্রে সতর্কতা জরুরি। এসব খুঁটি অনেক লম্বা হওয়ায় সড়কের পাশে এভাবে রাখা হলে অন্যান্য যানবাহন ও পথচারীদের জন্য ঝুঁকি তৈরি হতে পারে।'
তিনি আরও বলেন, ভোররাতে দূরপাল্লার যানবাহন চলাচলের সময় চালকদের প্রতিযোগিতামূলকভাবে গাড়ি না চালিয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে হবে। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া পরিবহন কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব।
স্থানীয়দের দাবি, প্রধান সড়কের পাশে ভারী যানবাহন রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
আপনার মতামত লিখুন :