মোংলায় বাড়ছে ইয়াবার বিস্তার, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

রেজা মাসুদ, মোংলা প্রতিনিধি।।


মোংলা উপজেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে নিষিদ্ধ মাদক ইয়াবার বিস্তার। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন নদীপথ ও আঞ্চলিক রুট ব্যবহার করে সংঘবদ্ধ চক্র নিয়মিতভাবে ইয়াবা এনে উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিচ্ছে।


অনুসন্ধানে জানা গেছে, সুন্দরবন সংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ পথ ব্যবহার করে ইয়াবা মোংলায় প্রবেশ করছে। বিশেষ করে বানিয়াশান্তা, কানাইনগর, পশুর নদী, দিগরাজ, গুনাই ব্রিজ, ফেরিঘাট ও আশপাশের বিভিন্ন এলাকা বর্তমানে মাদক পরিবহনের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত হয়ে উঠেছে।


এরপর স্থানীয় ডিলার ও সাব-ডিলারদের মাধ্যমে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এসব মাদক সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। শহরের সিগনাল টাওয়ার এলাকা, কবরস্থান রোড, নারিকেলতলা, চৌকিদারের মোড়, জয়বাংলা, চরকানা ও দুই বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে খুচরা পর্যায়ে ইয়াবা বিক্রির তথ্য পাওয়া গেছে। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকাতেও মাদক ছড়িয়ে পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।


এলাকাবাসীর দাবি, একটি প্রভাবশালী মাদকচক্র দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের মতে, ইয়াবার সহজলভ্যতার কারণে তরুণদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে এবং চুরি, ছিনতাইসহ নানা অপরাধও বৃদ্ধি পাচ্ছে।


সচেতন মহল বলছে, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।


এ বিষয়ে মোংলা রামপাল সার্কেল পুলিশ এর সহকারী পুলিশ সুপার জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে এবং এটি কোনো সাময়িক পদক্ষেপ নয়। পৌরসভা থেকে শুরু করে ইউনিয়ন ও গ্রাম পর্যায়েও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


তিনি আরও বলেন, শুধু বড় ডিলার নয়, খুচরা বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধেও একযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে পুরো নেটওয়ার্ক শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ