মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পাঁচটি গুরুত্বপূর্ণ পদে প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক মণ্ডল এবং রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসানুজ্জামান।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি, রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ ইয়াকুব আলী তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন তালুকদার।
সম্মেলনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলন শেষে দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধানঘরা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাঁচটি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শিক্ষক প্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ইয়াকুব আলী তালুকদার ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাফিজুর রহমান পেয়েছেন ১৭১ ভোট। অপর দুই প্রার্থী খ. ম. আবুল কালাম আজাদ ১৪৯ এবং মুহাম্মদ আব্দুল মুকিত ৩৮ ভোট পান।
সাধারণ সম্পাদক পদে শামীম হোসেন তালুকদার ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আসাদুল আলম পেয়েছেন ২৫৬ ভোট। এছাড়া অতিরিক্ত সম্পাদক পদে আব্দুর রউফ সরকার (বকুল) ৩০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক সেখ (লিটন) পেয়েছেন ২৪১ ভোট। অর্থ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক সরকার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুস ওহাব সেখ পেয়েছেন ১৫০ ভোট। যুগ্ম দপ্তর সম্পাদক পদে আল মাহমুদ সেখ ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হেলালুর রহমান পেয়েছেন ২০৬ ভোট।
নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান সেখ। ভোটগ্রহণ ও গণনা শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করা হলে শিক্ষক প্রতিনিধিদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবনির্বাচিত সভাপতি ইয়াকুব আলী তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম হোসেন তালুকদার শিক্ষক সমাজের কল্যাণ, শিক্ষার মানোন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষক সমাজের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :