বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস: খাজা ইউনুস আলী মেডিকেল কলেজে সচেতনতামূলক নানা আয়োজন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।


সারাবিশ্বে নীরবে মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে চলেছে উচ্চ রক্তচাপ। প্রতি বছর অসংখ্য মানুষ হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতাসহ নানা প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছেন শুধুমাত্র অসচেতনতা ও অবহেলার কারণে। “নীরব ঘাতক” হিসেবে পরিচিত এই রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে সিরাজগঞ্জের এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।


কার্ডিওলজি বিভাগীয় প্রধান খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মোঃ সাইফুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডা: মোঃ মোস্তাফিজুর রহমান রাশেদ, ডাঃ মোঃ মিজানুর রহমান রাজু, ডাঃ মোঃ শহিদুল ইসলাম।


দিবসটি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক আলোচনা সভা, স্বাস্থ্য পরামর্শ ও বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা কর্মসূচির আয়োজন করা হয়। এতে হাসপাতালের চিকিৎসক, নার্স, মেডিকেল শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আলোচনা সভায় বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যা ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে ক্ষতিগ্রস্ত করে। অধিকাংশ মানুষ শুরুতে কোনো লক্ষণ বুঝতে না পারায় চিকিৎসা নিতে দেরি করেন। ফলে হঠাৎ করেই স্ট্রোক, হার্ট অ্যাটাক কিংবা কিডনি বিকলের মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়।


বক্তারা আরও বলেন, বর্তমানে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত লবণ গ্রহণ, ধূমপান, মানসিক চাপ, অলস জীবনযাপন ও শারীরিক পরিশ্রম কমে যাওয়ার কারণে উচ্চ রক্তচাপ ভয়াবহ আকার ধারণ করছে। শুধু বয়স্ক নয়, তরুণদের মধ্যেও এ রোগ আশঙ্কাজনক হারে বাড়ছে।


চিকিৎসকরা সতর্ক করে বলেন, অবহেলা নয়, এখনই সচেতন হতে হবে। নিয়মিত রক্তচাপ পরীক্ষা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, ব্যায়াম ও চিকিৎসকের পরামর্শ মেনে চললেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ