॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার যশাই ইউপির পারভেল্লাবাড়ীয়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫২পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১হাজার ৫শত টাকাসহ লিটন মন্ডল (৪৫) নামের একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। ধৃত লিটন মন্ডল পারভেল্লাবাড়ীয়া গ্রামের মৃত তাছেম মন্ডলের ছেলে।
জানা যায়, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো. নাসিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ অফিসার ও ফোর্স বুধবার সকাল সাড়ে ৬টার দিকে যশাই ইউপির পারভেল্লাবাড়ীয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক মন্ডলের বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর থেকে ৫২পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১হাজার ৫শত টাকাসহ লিটন মন্ডলকে গ্রেফতার করে।
এ ব্যাপারে এসআই মো. নাসিরুজ্জামান বাদী হয়ে লিটন মন্ডলের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক দ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
আপনার মতামত লিখুন :