মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বসনালাগো বাড়িতে দীর্ঘদিনের পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি প্রচারিত অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন হেদায়েত উল্লাহ, তার স্ত্রী রাবেয়া খাতুন, ছেলে শুভ, মেহেদী, সুমাইয়া, ছালেহা ও হাফেজাসহ অভিযুক্ত পরিবারের সদস্যরা। তাদের দাবি, বিরোধটি দীর্ঘদিনের পারিবারিক বিষয় হলেও একতরফাভাবে তাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর অভিযোগ প্রচার করা হয়েছে।
অভিযুক্ত পরিবারের ভাষ্য, রাকিব হোসেন ও রোজিনা আক্তারের পরিবারের করা ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো। তাদের দাবি, ভাঙচুরের যে ঘটনাকে বর্তমান বিরোধের সঙ্গে যুক্ত করা হচ্ছে, সেটি প্রায় দুই বছর আগের এবং ওই পরিবারের অভ্যন্তরীণ বিরোধে সংঘটিত হয়েছিল।
পুরোনো ঘটনাকে নতুন করে উপস্থাপন করে তাদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে বলেও তারা অভিযোগ করেন। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিরোধ চলে আসছে। স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি।
এদিকে, এ ঘটনায় বিশিষ্ট সমাজসেবক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তি মিজানুর রহমানের নাম জড়ানোরও তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিযুক্তরা। তাদের দাবি, মিজানুর রহমানের সঙ্গে এ পারিবারিক বিরোধের কোনো সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম ব্যবহার করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করা হচ্ছে। হেদায়েত উল্লাহ ও রাবেয়া খাতুন বলেন, আমাদের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তৃতীয় একজন সম্মানিত ব্যক্তিকে জড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান এবং সবাইকে গুজব, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার থেকে সতর্ক থাকার অনুরোধ জানান।
আপনার মতামত লিখুন :