মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর উপজেলা (নোয়াখালী) প্রতিনিধি।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (২৯) নিহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে তিনি ফজরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে শ্বশুরবাড়ি হাতিয়া বাজার এলাকা থেকে মোটরসাইকেলে রওনা হন। পরে সকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকার উত্তর পাশে মিল সংলগ্ন সড়কের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পথে একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষের মাধ্যমে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি এবং প্রত্যক্ষদর্শী না থাকায় বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে চরজব্বর থানার ওসি (তদন্ত) দেবাশীষ দাস বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহত মুফতি মাকছুদ আলমের বাড়ি সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজার এলাকার পশ্চিম-উত্তর পাশে এবং তিনি হাজী নুরুল আলম (মন্ত্রী সওদাগর) এর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক ছিলেন। ভদ্র ও মার্জিত চলাফেরা করা মাকছুদ আলম মা বাবা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের মাঝে গভীর শোক বিরাজ করছে।
এদিকে স্থানীয়রা জানান, ওই সড়কে দীর্ঘদিন ধরে মাটি বহনকারী ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ে উদ্বেগ রয়েছে। একই এলাকায় এর আগেও একাধিক দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তারা। ফলে সড়ক নিরাপত্তা জোরদার ও ভারী যানবাহন নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
নিহতের জানাজার নামাজ আজ বুধবার সাড়ে পাঁচটায় টায় (বাদ আসর) সুবর্ণচর জনতা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আপনার মতামত লিখুন :