এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে শেষ হলো নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন। দীর্ঘ ২৩ বছর বিরতির পর ভোটারের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে এনির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সভাপতি পদে বিজয় লাভ করেন আবদুল মোতালেব আপেল (ছাতা প্রতীক)। তিনি পেয়েছেন ৮৪২ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী তাজুল ইসলাম পেয়েছেন ৭৩৪ ভোট। আর সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মনিরুল ইসলাম মুকুল (আনারস) । তিনি পেয়েছেন ১১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সিরাজুল ইসলাম রায়হান (ঘড়ি) পেয়েছেন ৪২০ ভোট।
শনিবার (১২ সেপ্টেম্বর) জেলা শহর মাইজদীর হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিরতিহীন বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। দীর্ঘ দুই যুগ পর সমিতির নিজস্ব নেতৃত্ব নির্বাচনে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২০৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটাররাও স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা সহিংসতা এড়াতে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল লক্ষনীয় । ভোটারদের ভোটদান প্রক্রিয়া দ্রুত ও শৃঙ্খলাপূর্ণ করতে মোট ৯টি বুথে ২৭ জন নির্বাচনী পোলিং অফিসার দায়িত্ব পালন করেছেন।
এবারের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এর বাইরে বিভিন্ন পদে ইতিমধ্যেই ১১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে পুরো মাইজদী শহরজুড়ে ব্যবসায়ী মহলে দিনভর এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। ফলাফল ঘোষণা হবার পর পরই বিজয়ীদের গলায় ফুলের মালা পরিয়ে আনন্দ মিছিল পুরো শহর প্রদক্ষিন করে।
আপনার মতামত লিখুন :