এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলায় ৫ বছর বয়সী শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার জেঠাতো ভাই শাহাদাত হোসেনকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধা বাড়ির বাবুল হোসেনের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুরে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় শিশু আসমা। ঘটনার দীর্ঘ ৯ দিন পর ৩ এপ্রিল আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির অদূরে একটি সেপটিক ট্যাংকি থেকে শিশুটির গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর নিহত শিশুর বাবা মাওলানা শাহজাহান বাদী হয়ে চাটখিল থানায় শাহাদাত হোসেনকে একমাত্র আসামি করে একটি হত্যা ও ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে শাহাদাতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানায়, ধর্ষণের ঘটনাটি প্রকাশ হয়ে পড়ার ভয়ে সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে এবং পরে মরদেহ সেপটিক ট্যাংকিতে ফেলে রাখে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট সেলিম শাহী বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও জবানবন্দি পর্যালোচনায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের আদেশে আরও বলা হয়েছে, মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ কার্যকর করতে হবে।
এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহতের পরিবার এবং স্থানীয় এলাকাবাসী। তারা দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :