মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
প্রকৃতি দ্বারা অনুপ্রাণিত জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
শুক্রবার রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং নবলোক পরিষদ কর্তৃক বাস্তবায়িত (আর এইচ এল)প্রকল্পের উদ্যোগে এ দিবসটি উদযাপন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ। একই সাথে জলবায়ু পরিবর্তন অভিযোজন (সিসিএ) দলের উপকারভোগী সদস্যদের মাঝে ৫০টি নিম গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে করতোয়া, কর্ণফুলী, বাসন্তী ও মহুয়া জলবায়ু পরিবর্তন অভিযোজন দলের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং জলবায়ু সহনশীল জীবনযাত্রা গড়ে তোলার বিকল্প নেই।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আরএইচএল প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী মোবারক হোসেন বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে টেকনিক্যাল অফিসার (এনভায়রনমেন্ট অ্যান্ড মনিটরিং) আবু সাঈদ সিদ্দিকী বলেন, “বিশ্ব পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।” তিনি জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, উপকূলীয় এলাকায় লবণাক্ততার ক্ষতিকর প্রভাব ও পরিবেশ দূষণের ভয়াবহতা তুলে ধরে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন।
সভায় প্রকল্পের অন্যান্য কর্মকর্তারা পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ রক্ষায় তাঁদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। বক্তারা আরও উল্লেখ করেন, আরএইচএল প্রকল্পের মাধ্যমে দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ, বিকল্প জীবিকায়ন, কাঁকড়া চাষ, ছাগল পালন এবং জলবায়ু পরিবর্তন অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে।
দিনব্যাপী এই কর্মসূচিতে উপস্থিত সকলে পরিবেশ সংরক্ষণ, ব্যাপক বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার হ্রাস এবং একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :