মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিনা সয়াবিন-৬, বিনা সয়াবিন-৭ ও বারি সয়াবিন-৫ জাতের সয়াবিনের প্রায়োগিক পরীক্ষণ, মূল্যায়ন এবং চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ মে ২০২৬) বিকেল ৩টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রামের কাজল মার্কেটের পাশে স্থানীয় কৃষক গোলাম সারোয়ারের জমি সংলগ্ন এ মাঠ দিবসের আয়োজন করে বিনা সুবর্ণচর উপকেন্দ্র। এতে স্থানীয় শতাধিক কৃষকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনা সুবর্ণচর উপকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ইলিয়াস হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূর আলম সিদ্দিকী, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিন নিজাম, কৃষক দল নেতা রাশেদ ইকবালসহ অন্যান্যরা।
আলোচনা সভায় বক্তারা উন্নত জাতের সয়াবিন চাষ, বীজ সংরক্ষণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বিনা সয়াবিন-৬, বিনা সয়াবিন-৭ ও বারি সয়াবিন-৫ জাতের সম্প্রসারণ কৃষকদের ফলন বৃদ্ধি এবং তেলজাতীয় ফসল উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিনা সুবর্ণচর উপকেন্দ্রের সহায়তায় কৃষক গোলাম সারোয়ার তার ৮ একর জমিতে উল্লিখিত জাতের সয়াবিন চাষ করে ভালো ফলন পেয়েছেন। যা থেকে তিনি নিজের কাঙ্ক্ষিত লাভ অর্জনের পাশাপাশি উন্নত জাতের বীজ উৎপাদন করতে সক্ষম হয়েছেন এবং ভবিষ্যতে তা স্থানীয় কৃষকদের মাঝে সরবরাহের মাধ্যমে এলাকার সয়াবিন উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মাঠ দিবসে কৃষকদের সরাসরি জমিতে ফসলের অবস্থা পরিদর্শন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।
আপনার মতামত লিখুন :