মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে চাউলকল মালিকদের কাছে চাঁদা দাবির অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন মিল মালিক ও শ্রমিকরা। এসএম সোহাগ সরকারের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ তুলে বুধবার (১২ আগস্ট) সকালে রায়গঞ্জ উপজেলা চাউলকল মালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপজেলার বিভিন্ন এলাকার চাউলকল মালিকরা অংশ নেন। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার বিভিন্ন চাউলকলের লাইসেন্সের বিপরীতে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে। বর্তমানে উপজেলায় ১৩৭টি লাইসেন্সধারী চাউলকল রয়েছে। সেই হিসাবে দাবিকৃত অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৬৮ লাখ ৫০ হাজার টাকা।
মিল মালিকদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের ওপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি ও হয়রানি করা হচ্ছে। এতে ব্যবসায়িকভাবে ক্ষতির পাশাপাশি চাউলকল মালিক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে।
বক্তারা আরও বলেন, রায়গঞ্জ উপজেলায় থাকা ১৩৭টি চাউলকলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ থেকে ২২ হাজার মানুষের কর্মসংস্থান জড়িত। সরকারি বরাদ্দের চাল সংগ্রহ ও উৎপাদনের বাইরে বছরের একটি বড় সময় অনেক মিল বন্ধ থাকে। এর মধ্যে চাঁদা দাবির অভিযোগে মিল মালিকরা নতুন করে আর্থিক ও সামাজিক সংকটের মুখে পড়েছেন।
মানববন্ধনে রায়গঞ্জ উপজেলা চাউলকল মালিক সমিতির সভাপতি মো. মোত্তালেব ও সাধারণ সম্পাদক মো. শাহিদুল ইসলাম সবুজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন। তারা চাঁদাবাজির অভিযোগ বন্ধে কার্যকর পদক্ষেপ, অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং চাউলকল মালিক ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে চাউলকল মালিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রায়গঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কর্মসূচিস্থলে এসে শেষ হয়।
এর আগে চান্দাইকোনা মিল মালিক সমবায় সমিতির পক্ষ থেকে প্রশাসন, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের কাছে দেওয়া এক আবেদনে একই ধরনের অভিযোগ তুলে ধরা হয়। ওই আবেদনে প্রতিটি মিলের লাইসেন্সের বিপরীতে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি, চাঁদা আদায়ে চাপ প্রয়োগ এবং দিতে অস্বীকৃতি জানালে হয়রানির অভিযোগ করা হয়।
তবে অভিযোগগুলোর বিষয়ে এসএম সোহাগ সরকারের বক্তব্য জানা যায়নি। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চাউলকল মালিকরা।
আপনার মতামত লিখুন :