মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি :
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) সকাল ৯টার দিকে চরবাটা খাসের হাট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে খাসের হাট রাস্তার মাথায় গিয়ে সমবেত হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুবর্ণচর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা শাখার উপদেষ্টা মো. ওমর ফারুক, চরবাটা ইউনিয়ন শাখার উপদেষ্টা মো. দিদারুল আলম, চরক্লার্ক ইউনিয়ন শাখার উপদেষ্টা মো. আবুল কাশেম, চর আমানউল্লাহ ইউনিয়ন শাখার উপদেষ্টা ফয়সাল বিন মোস্তফা প্রমুখ।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা সিফায়েত উল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা সাধারণ সম্পাদক মো. মোবারক হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরও বলেন, গণপরিবহনে চাঁদাবাজি ও বিভিন্ন খাতে হয়রানি বন্ধ করতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন। স্লোগানমুখর পরিবেশে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :