ঈদে দুর্ভোগ কমাতে ছাত্রদল সম্পাদক নাছিরের ১১ কিমি সড়ক সংস্কার, জনমনে স্বস্তি


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।


পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। নিজ এলাকা ও এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি নিজ উদ্যোগে প্রায় ১১ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু করেন।


মঙ্গলবার (২৬ মে) সকাল ১০ টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের হাজীগঞ্জ থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়। পরে দিনব্যাপী নেতাকর্মীদের নিয়ে ইট, রাবিশ ও বালি ফেলে সড়কটি চলাচলের উপযোগী করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকায় সড়কটিতে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়। বর্ষা মৌসুমে গর্তে পানি জমে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে পরিবহন চলাচল সহ, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। ঈদকে সামনে রেখে এমন উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


সংস্কার কাজে সহযোগিতা করা মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ বলেন, 'নাছির উদ্দিন নাছির এ এলাকার গর্ব। কেন্দ্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার মানুষের কষ্ট লাঘবে তিনি সবসময় আন্তরিক।'


সুবর্ণচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, 'এ সড়কের দুর্ভোগের কথা জানালে নাছির ভাই দ্রুত নিজ অর্থায়নে সংস্কার কাজের উদ্যোগ নেন। এতে সাধারণ মানুষ অনেক উপকৃত হচ্ছেন।' ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আলম সেলিম বলেন, 'জনদুর্ভোগ কমাতে নাছিরের এই উদ্যোগ প্রশংসনীয় ও মানবিক দৃষ্টান্ত।'


এ ব্যাপারে নাছির উদ্দিন নাছির বলেন, 'এটি আমার নিজ এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্টের একটি বিষয় ছিল। প্রতিদিন হাজারো মানুষ ও শিক্ষার্থী এ সড়ক ব্যবহার করে। ঈদকে সামনে রেখে মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমাতে অগ্রাধিকার ভিত্তিতে এই কাজ করেছি।'


এলাকাবাসী জানান, শেখড়ের টানে নিজ এলাকার মানুষের জন্য নাছির উদ্দিন নাছিরের এমন জনকল্যাণমূলক উদ্যোগে তারা সন্তুষ্ট ও কৃতজ্ঞ। পাশাপাশি তারা সড়কটির স্থায়ী উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ