সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে নারী শিক্ষার অগ্রগতি, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ এবং বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মা ও অভিভাবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মো. আব্দুল আউয়াল।
সমাবেশটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান। সঞ্চালনায় সহযোগিতা করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মৌমনি ও আবিহা ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন এবং গীতা পাঠ করেন শিক্ষার্থী আদিতি সাহা। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপক কুমার কর্মকার, নিখিল চন্দ্র সরকার, শামশেদ আলী, মো. আনোয়ার হোসেন এবং শরিফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক আলহাজ মো. আব্দুল আউয়াল বলেন, সন্তানকে শুধু বিদ্যালয়ে পাঠালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রতিটি অভিভাবককে নিশ্চিত করতে হবে, সন্তান নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত থাকছে, মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ করছে এবং বিদ্যালয়ের নাম ব্যবহার করে কোথাও অনৈতিকভাবে সময় নষ্ট করছে না।
অভিভাবকদের সামান্য উদাসীনতাও একজন শিক্ষার্থীর ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত তদারকির মাধ্যমেই একজন শিক্ষার্থীকে সুশিক্ষিত, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।
সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, মা ও অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :