মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
কিশোর কণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো, ফুলের মতো ফুটব মোরা, জ্ঞানের আলোয় জ্বলবো’ এমন স্লোগানে জুলাই আন্দোলনের ২য় বর্ষপূর্তি উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে কিশোর কণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কিছুদিন আগে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কণ্ঠ পাঠক ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা মুশফিকুর রহমান, নোয়াখালী জেলা দক্ষিণের উপদেষ্টা আরাফাত হোসেন সিফাত, সুবর্ণচর উপজেলা উপদেষ্টা মো. নুর ইসলাম শরিফ, শহীদ জয়নাল আবেদীন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পাঠক ফোরামের পরিচালক নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বাড়ে, চিন্তাশক্তির বিকাশ ঘটে এবং নৈতিক মূল্যবোধ গড়ে ওঠে। পাশাপাশি জুলাই আন্দোলনের ইতিহাস ও চেতনা সম্পর্কে নতুন প্রজন্মকে জানার আহ্বান জানান তারা।
কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার ও সম্মাননা তুলে দেন। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চায় উৎসাহিত করা এবং মেধা বিকাশের লক্ষ্যেই কিশোর কণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে এ ধরনের আয়োজন করা হয়েছে।
আপনার মতামত লিখুন :