নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ।।
বান্দরবানে আর্তমানবতার সেবায় আবারও অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার (১৫ মার্চ) সকালে ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান সেনা রিজিয়ন-এর উদ্যোগে এবং এমডিএস অ্যাম্বুলেন্স ৭ ফিল্ড-এর সার্বিক তত্ত্বাবধানে ৩৩টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।উপকারভোগী: ৩৩টি গরীব ও নিরীহ পরিবার। আর্থিক সহায়তা: সর্বমোট ১ লক্ষ ১ হাজার টাকা নগদ প্রদান। সেবা: অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ক্যাপ্টেন মোঃ আবু সায়েম। এছাড়াও রিজিয়নের উর্ধ্বতন স্টাফ অফিসারবৃন্দ এবং জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ক্যাপ্টেন মোঃ আবু সায়েম বলেন: "বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সহায়তা পাওয়া পরিবারগুলো কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, দুর্গম এই পাহাড়ি এলাকায় উন্নত চিকিৎসা ও নগদ অর্থের এই সহায়তা তাদের জন্য বড় একটি আশার আলো হয়ে দাঁড়িয়েছে।
আপনার মতামত লিখুন :