উল্লাপাড়ায় সিমেন্টবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আরিফল  ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্টবাহী ট্রাকের চাপায় খালিদ হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের বাখুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত খালিদ হোসেন উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বামন গ্রামের সোহরাব হোসেনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে খালিদ হোসেন মোটরসাইকেলযোগে ঢাকা-পাবনা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। তিনি বাখুয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা শাহ সিমেন্টবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই খালিদ হোসেনের মৃত্যু হয়।


দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এতে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। পরে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিমেন্টবাহী ট্রাকটি জব্দ করেছে। নিহতের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে মহাসড়কে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল ও অসতর্কতার কারণে দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং মোটরসাইকেলসহ ছোট যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ