মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমান উল্লাহ ইউনিয়নে একটি বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনায় চার দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে ১১টি পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুন দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ইউনিয়নের একটি ওয়ার্ডে তফসিলদার বাড়ি সংলগ্ন (চর জুবলী রব্বানিয়া ফাজিল মাদ্রাসার পূর্ব পাশের সড়কের এক কিলোমিটার পূর্বে) তিন রাস্তার মোড়ে স্থাপিত একটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর থেকেই ওই এলাকার ১১টি পরিবার বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, ট্রান্সফরমার প্রতিস্থাপনের জন্য পল্লী বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করলে তাদের জানানো হয় নতুন ট্রান্সফরমারের খরচের একটি অংশ গ্রাহকদের বহন করতে হবে। এতে এলাকার নিম্নআয়ের পরিবারগুলো চরম বিপাকে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, ট্রান্সফরমারের নিরাপত্তা নিশ্চিত করতে লোহার বেষ্টনী স্থাপন কিংবা খুঁটিতে অননুমোদিতভাবে ওঠা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ছিল। যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকায় বারবার ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে বলে তাদের অভিযোগ।
এদিকে সম্প্রতি সুবর্ণচর উপজেলার বিভিন্ন এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ ফুলজান নগর এলাকায় চুরি হওয়া ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিদ্যুৎ সরঞ্জাম চুরির বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
আপনার মতামত লিখুন :