সোহেল রানা, চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের এনায়েতপুর থানাধীন দৌলতপুর ইউনিয়নের ভাঙ্গাবাড়ি গ্রামে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৫ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর সকালে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় পাশের বাড়ির এক যুবক টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে নিজ বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। পরে শিশুটি বাড়িতে ফিরে গেলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের কাছে জানায়নি।
পরদিন শিশুটির মা গোসল করানোর সময় বিষয়টি বুঝতে পারেন। পরে শিশুটির কাছ থেকে ঘটনার বিষয়ে জানতে পারেন বলে পুলিশ জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রথমে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।
পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখেন। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার পর ২০ সেপ্টেম্বর শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় এনায়েতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই আক্কাস আলী। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :