প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় মৎস্য পদক ও স্বর্ণপদক পেলো নোয়াখালীর আলা উদ্দিন!


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

‎এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি।।


‎মাছের পোনা উৎপাদনে বিশেষ অবদান ও মৎস্য খাতে অনন্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ জাতীয় মৎস্য পদক ২০২৬ এর স্বর্ণপদক অর্জন করেছে নোয়াখালীর স্বনামধন্য প্রতিষ্ঠান ও মৎস খামারী আলা উদ্দিন ফিসারিজ।

‎রবিবার (১৬ আগষ্ট) কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে এই পদক বিতরণ করা হয়। এসময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আলা উদ্দিন এর হাতে এই সম্মাননা তুলে দেন। মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের মোট ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় মৎস্য পদক বিতরণ করেন তিনি।

‎প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে মিঠাপানির মাছ উৎপাদনের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে সারাদেশে প্রায় ১৬ লাখ নারীসহ মোট ২ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল। তাই পরিকল্পিত ও যথোপযুক্ত পদক্ষেপ নেয়া হলে এই খাতে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।

‎তিনি আরও বলেন, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। দেশের মৎস্যসম্পদ আরও বৃদ্ধি করার লক্ষ্যে পর্যায়ক্রমে সারাদেশের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

‎​মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নোয়াখালী সদর উপজেলার বদরপুর এবং সুবর্ণচর উপজেলার চরক্লার্ক এলাকায় প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। উন্নত ও গুণগতমানের কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন, সঠিক সরবরাহ এবং আধুনিক মাছ চাষ সম্প্রসারণে প্রতিষ্ঠানটি অগ্রণী ভূমিকা পালন করছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২১টি পুকুরের মোট ১৭.৬ হেক্টর জলমগ্ন এলাকায় গুণগতমানের রেণু ব্যবহার করে প্রায় ১৯৮ লাখ (১ কোটি ৯৮ লাখ) কার্পজাতীয় মাছের পোনা উৎপাদন করেছে। ​খামারটিতে বর্তমানে ৩২ জনের সার্বক্ষণিক এবং ৬৩ জনের খণ্ডকালীন মোট ৯৫ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

‎​

‎​উন্নত মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ, গুণগতমানের পোনা সরবরাহ এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সরকার প্রতিষ্ঠানটিকে স্বর্ণপদকের পাশাপাশি ৫০ হাজার টাকার প্রাইজমানি ও ব্যাংক চেক প্রদান করে। সংশ্লিষ্টদের মতে, এই জাতীয় স্বীকৃতি নোয়াখালী জেলার মৎস্য খাতে পোনা উৎপাদন ও আধুনিক মৎস্য চাষ সম্প্রসারণে নতুন উদ্দীপনা ও গতির সঞ্চার করবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ