সুবর্ণচরে মসজিদের ইমামের বিরুদ্ধে অপপ্রচার, জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত বাইতুস সালাম জামে মসজিদের ইমাম মাও. জাহেদুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন মসজিদের মুসল্লি, মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় এলাকাবাসী।


শুক্রবার (২৮ আগস্ট) বাদ জুমা'আ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মাও. জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অত্যন্ত সহজ-সরল ও দরিদ্র মানুষ এবং দল-মত নির্বিশেষে স্থানীয়দের কাছে গ্রহণযোগ্য। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন অভিযোগকে তারা মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেন।


মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয়রা অভিযোগ করেন, সাংবাদিক পরিচয় ব্যবহারকারী কিছু ব্যক্তি নামসর্বস্ব ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে মাও. জাহেদুল ইসলামের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন। এতে এলাকায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।


এলাকাবাসীর দাবি, স্থানীয় একটি পারিবারিক বিরোধের ঘটনাকে কেন্দ্র করে এক নারীর বক্তব্য রেকর্ড করে তা ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আনোয়ারা নামক ওই নারীও পরবর্তীতে পারিবারিক বিরোধের বিষয়টি স্বীকার করে বলেন, আমি ব্যক্তিগত ঝামেলার মধ্যেও আমাকে যা শিখিয়ে দেওয়া হয়েছে আমি ততটুকুই বলেছি। কৌশলে তারা সেটি রেকর্ড করবে সেটি আমি জানতাম না। তার স্বামী লোকমান হোসেনও দুঃখ প্রকাশ করে বলেন এ বিষয়টা নিয়ে আমি অত্যন্ত লজ্জিত। হুজুর একজন ভালো মানুষ এবং আমার স্ত্রী কেন এটি বলেছে তাকে এটার জন্য জিজ্ঞাসাবাদ করেছি এবং সব মিথ্যা অপবাদ কখনো না দেওয়ার জন্য সতর্ক করেছি।


মানববন্ধনে উপস্থিত নারীরাও এ ঘটনার প্রতিবাদ জানান। তারা বলেন, কোনো ঘটনার সত্যতা যাচাই না করে একজন ধর্মীয় ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালানো অত্যন্ত দুঃখজনক। এতে ব্যক্তি ও পরিবারের পাশাপাশি পুরো সমাজে বিভ্রান্তি ও অশান্তি সৃষ্টি হতে পারে।


স্থানীয়রা আরও বলেন, মাও. জাহেদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। তার বিরুদ্ধে এমন অপপ্রচার সমাজে বিভাজন ও অশান্তি সৃষ্টি করতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


মানববন্ধন থেকে বক্তারা অপপ্রচার বন্ধের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন মুসল্লি ও এলাকাবাসী।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ