নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরায় দুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি মানবিক সেবামূলক প্রতিষ্ঠান ঋশিল্পী ইন্টারন্যাশনালকে জেলা পরিষদের পক্ষ থেকে ৪ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতায় ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উদ্যোগে ১০০ জন দুস্থ, প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, মানবিক ও জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগের সঙ্গে তিনি এবং জেলা পরিষদ সবসময় পাশে থাকবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগকে আরও সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঋশিল্পী ইন্টারন্যাশনালের পরিচালক সৈয়দ মোহাম্মদ খালেদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠান প্রাঙ্গণে একটি নারকেল চারা রোপণ করেন। পরে তিনি উপকারভোগীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
আপনার মতামত লিখুন :