শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
আধুনিক বাংলা নাটকের রূপকার ও নাট্যাচার্য ড. সেলিম আল দীনের ৭৭তম জন্মদিন উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নৃত্য, সংগীত ও শ্রুতি নাটকের আয়োজন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ভ্রাতৃপ্রতিম সংগঠন রবীন্দ্র থিয়েটারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাট্যাচার্য সেলিম আল দীনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে সেলিম আল দীনের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন রবীন্দ্র থিয়েটারের কর্মী ও সাংবাদিক বাবুল হাসান। ‘সেলিম আল দীন বহমান বাংলায়’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ সিডনি, পিএইচডি।
প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন নাট্যব্যক্তিত্ব কাজী শওকত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াত সিংহ শুভ, প্রভাষক সোহাগ মিয়া, প্রভাষক মো. রেজওয়ানুল হক পিয়াল, শাহজাদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন, সাংবাদিক ওমর ফারুক, এ এ শহিদুল্লাহ বাবলু, ওস্তাদ সালামত হোসেন চৌধুরী, ওস্তাদ আল মাহমুদ আতা, সাংবাদিক নুপুর কুমার রায়, সাংবাদিক আরিফুল ইসলাম আরিফ ও সাংবাদিক মনিরুল ইসলামসহ অনেকে।

বক্তারা সেলিম আল দীনের নাটক ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনায় তাঁর ‘কীর্তনখোলা’, ‘নিমজ্জন’ ও ‘চাকা’সহ গুরুত্বপূর্ণ নাটকের বিষয়বস্তু, গ্রামীণ জীবন, গণহত্যার নির্মমতা এবং মানুষের জীবন-সংগ্রামের নানা দিক উঠে আসে। বক্তারা বলেন, বাংলা নাটক ও সাহিত্যে সেলিম আল দীনের অবদান অনন্য। তাঁর সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে তরুণদের তাঁর নাটক ও সাহিত্য পড়ার আহ্বান জানান তারা।
আলোচনা পর্ব শেষে কবিতা আবৃত্তি, নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। আবৃত্তি করেন জায়েদ বিন আজিজ ও বন্ধন। শাহজাদপুর নৃত্য একাডেমির শিল্পী অথৈ ও তাহসিনা নৃত্য পরিবেশন করেন। সংগীত পরিবেশন করেন ওস্তাদ সালামত হোসেন চৌধুরী, রিনা, ওস্তাদ আল মাহমুদ আতা, বাবলু শেখ ও কাজী তপন। সবশেষে হ্যাপি খানম ও কাজী বাপ্পির পাঠে পরিবেশিত হয় শ্রুতি নাটক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজাদপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও রবীন্দ্র থিয়েটারের সভাপতি মো. মাহবুবুর রহমান মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রবীন্দ্র থিয়েটারের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু।
বক্তারা বলেন, সেলিম আল দীন শুধু নাট্যকার নন, তিনি বাংলা নাট্যচর্চার একজন পথপ্রদর্শক। তাঁর সৃষ্টিশীলতা, শেকড়নির্ভর নাট্যভাবনা ও জীবনঘনিষ্ঠ সাহিত্যকর্ম বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। নতুন প্রজন্মের মধ্যে তাঁর সাহিত্য ও নাট্যচর্চা ছড়িয়ে দেওয়াই হতে পারে তাঁর জন্মদিন পালনের অন্যতম সার্থকতা।
আপনার মতামত লিখুন :