সুবর্ণচরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন, মাদক চোরাচালান রোধে কঠোর ব্যবস্থার দাবি


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:


 'মাদক হঠাও, সমাজ বাঁচাও, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর আক্রাম নোমান বাজারে এলাকার সচেতন নাগরিকদের অংশগ্রহণে স্থানীয় ভূমিহীন সমিতি ও ‘নিজেরা করি’ সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বিএনপি নেতা ডিপটি মাঝির সভাপতিত্বে এবং মোহাম্মদপুর ইউনিয়ন ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এলাকায় মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।


মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘নিজেরা করি’র চট্টগ্রাম বিভাগীয় সংগঠক মতিয়ার রহমান, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আনম সেলিম, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম আজাদ, ডেসটিনি কলেজের প্রভাষক আলা উদ্দিন এমএসসি, মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল আলম, ছাত্রদল নেতা মো. ইলিয়াস সানী, ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন এবং ভূমিহীন নেতা জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বক্তারা বলেন, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা বলেন, সুবর্ণচরের প্রত্যন্ত এলাকাগুলোতেও মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। 


এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যৎ প্রজন্ম ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে। মাদক চোরাচালান, ব্যবসা ও সেবন বন্ধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ কয়েকশ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ