॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণাঞ্চলের কশবামাজাইল ইউপির পাঁচবাড়ীয়া গ্রামের জনৈক করিমের রাইস মিলে গত ১৮ আগস্ট দিনগত গভীর রাতে মোটর চুরির অভিযোগে গণপিটুনিতে জজ আলী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত জজ আলী পাট্টা ইউপির ঢেপা গ্রামের শুকুর আলী বিশ্বাসের ছেলে।
জানা যায়, গত মঙ্গলবার দিনগত গভীর রাতে জজ আলীর বন্ধু জনৈক আরিফ মোবাইল ফোনে তাকে ডেকে নেয়। গভীর রাতে পাঁচবাড়ীয়া গ্রামের জনৈক করিমের রাইস মিলে মোটর চুরির অভিযোগে স্থানীয় লোকজন তাকে গণপিটুনী দেয়। গণপিটুনীতে জজ আলী গুরুতর আহত হয়।
রাতেই খবর পেয়ে পাংশা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের সহযোগিতায় গুরুতর আহত জজ আলীকে পাংশা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয়রা জানায়, রাইস মিলটি পাঁচবাড়ীয়া গ্রাম ও বাংলাট গ্রামের সীমান্তবর্তী এলাকায়। ঢেপাগ্রাম ও বাংলাট গ্রামের মধ্য দিয়ে সিরাজপুর হাওড় নামে একটি নদী প্রবাহিত। নদীটি পাট্টা ও কশবামাজাইল দুই ইউনিয়নকে পৃথক করেছে।
নিহতের পরিবার জজ আলীকে পরিকল্পিত ভাবে মোবাইল ফোনে ডেকে নিয়ে হত্যার অভিযোগ করেছেন। এ ঘটনায় ঢেপা ও বাংলাট গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।এদিকে, অত্র এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।
উল্লেখ্য, গত কয়েক মাস আগে জায়গা-জমি ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগে নিহত জজ আলীর চাচা জামিন বিশ^াস নিহত হয়। ওই ঘটনায় প্রতিপক্ষের লোকজনের ঘরবাড়ীতে হামলা-লুটতরাজের ঘটনাও ঘটে। হত্যা ও বাড়ীঘরে হামলা-লুটতরাজের ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। এবারেও সামাজিক প্রতিপক্ষের লোকজনের মাঝে হামলা ও বাড়ীঘরে লুটতরাজের আশঙ্কা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :