রায়গঞ্জে একই রাতে ছয় গাভী চুরি, এলাকায় আতঙ্ক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নে একই রাতে পৃথক দুটি বাড়ি থেকে ছয়টি গাভী চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গবাদিপশু চোরের আতঙ্ক দেখা দিয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে ধামাইনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জামতৈল উত্তরপাড়া নাকাটি বড়তলা সংলগ্ন এলাকায় গোল ঘর থেকে গরু চুরি হয়। মোঃ শরিফুল ইসলামের বাড়ি থেকে তিনটি গাভী চুরি হয়। শরিফুল ইসলাম মৃত মোঃ হাবিবর রহমানের ছেলে।


চুরি যাওয়া গরুগুলোর মধ্যে একটি লাল রঙের গাভী, যা প্রায় চার মাসের গর্ভবতী। অপর দুটি হলো একটি বকনা বাছুর ও একটি সাওনা বাছুর। দুটির রং পাঁকড়া। চুরি যাওয়া তিনটি গরুর আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছেন মালিক শরিফুল ইসলাম।


শরিফুল ইসলাম বলেন, রাতে গাভী চুরির বিষয়টি বুঝতে পেরে তিনি ডাকাডাকি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা কয়েকটি মোটরসাইকেল নিয়ে চোরদের ধাওয়া করেন। এ সময় চোরেরা একটি পিকআপভ্যান নিয়ে ভবানীপুরের দিকে পালিয়ে যায়। মোটরসাইকেলে ধাওয়া করেও একপর্যায়ে তাদের আটক করা সম্ভব হয়নি।


অন্যদিকে, একই রাতে একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আদিত্যবাড়ি এলাকায় মোঃ তরিফুল ইসলামের বাড়ি থেকেও তিনটি গাভী চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তরিফুল ইসলাম আব্দুল হামিদের ছেলে। তরিফুল ইসলাম বলেন, রাত আনুমানিক ৩টার দিকে ঘরের দরজায় শিকল লাগানো ছিল। তিনি ডাকাডাকি করলে তাঁর চাচি দরজা খুলে দেন। পরে গোয়ালঘরে গিয়ে দেখেন, সেখানে থাকা তিনটি গাভী নেই।


একই রাতে ইউনিয়নের দুটি পৃথক এলাকা থেকে ছয়টি গাভী চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়রা রাতে পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন। ১নং ধামাইনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন, রায়গঞ্জ থানা পুলিশ প্রশাসন রাতে এলাকায় নিয়মিত টহল দিলে সাধারণ মানুষ কিছুটা নিরাপদে থাকতে পারবে। গবাদিপশু চুরির ঘটনা প্রতিরোধে রাতের টহল আরও জোরদার করা প্রয়োজন।


এ ঘটনায় গবাদিপশুর মালিকরা দ্রুত চুরি যাওয়া গরুগুলো উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ