সুবর্ণচরে চুরি হওয়া ট্রান্সফরমারসহ চোর চক্রের দু'জন আটক


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি : 


নোয়াখালীর সুবর্ণচরে চুরি হওয়া একটি বিদ্যুতের ট্রান্সফরমারসহ দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার ভোরে উপজেলার দক্ষিণ ফুলজান নগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুবর্ণচর, হাতিয়া, সদর ও কোম্পানীগঞ্জসহ নোয়াখালীর দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিদ্যুতের ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম চুরির অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, এসব সরঞ্জাম দক্ষিণ ফুলজান নগরে সেলিমের বাড়িতে এনে ট্রান্সফরমার ভেঙে ভেতরের তামা আলাদা করা হতো। পরে সেই তামা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো।


এলাকাবাসীর দাবি, বৃহস্পতিবার ভোর প্রায় ৫টার দিকে সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি ট্রান্সফরমারসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।


স্থানীয়দের ভাষ্য, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিমের ছেলে জামালের নির্দেশে বিভিন্ন এলাকা থেকে ট্রান্সফরমার ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম চুরি করে এনে তাঁর কাছে হস্তান্তরের কথা স্বীকার করেছেন। তবে এ দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।


এ বিষয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরব আলী শেখ বলেন, “বিভিন্ন এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির কারণে গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে এবং সমিতির আর্থিক ক্ষতি হচ্ছে। উদ্ধার হওয়া ট্রান্সফরমারটি আমাদের কি না, তা যাচাই করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে।”


চরজব্বার থানার তদন্ত কর্মকর্তা দেবাশীষ দাস বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং উদ্ধার হওয়া মালামালের উৎস যাচাই করা হচ্ছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিদ্যুতের ট্রান্সফরমার ও অন্যান্য সরঞ্জাম চুরির সঙ্গে জড়িত পুরো চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ