সুবর্ণচরে নারীকে প্রকাশ্যে মারধর, বহিষ্কৃত যুবদল নেতা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পূর্ববিরোধের জেরে এক নারী ও তার স্বামীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে এক স্থানীয় ব্যক্তিকে তার সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং পরবর্তীতে সংগঠনটি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়।


শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার চরলক্ষী গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. সফিক (৩৮) সামছুদ্দিন মোল্লার ছেলে এবং তিনি স্থানীয় যুবদলের সাবেক নেতা হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে। ভুক্তভোগী তাসলিমা আক্তার খুকি (৩৫) অভিযোগ করেন, তার স্বামী মো. খলিল দীর্ঘদিন সফিকের অধীনে কাজ করলেও পারিশ্রমিক বকেয়া ছিল। এ নিয়ে বিরোধের জেরে ঘটনার দিন কথাকাটাকাটির একপর্যায়ে প্রথমে তার স্বামীকে মারধর করা হয়। পরে স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয় বলে তিনি অভিযোগ করেন।


তিনি আরও জানান, ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। অনেকেই প্রকাশ্যে নারীকে মারধরের ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত বিচার দাবি করেন।


তবে অভিযুক্ত সফিক দাবি করেন, ঘটনার সময় তিনিও হামলার শিকার হয়েছেন এবং তার নাক ফেটে গেছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন। এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর সংগঠনের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়। স্থানীয় সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে স্থানীয় পর্যায়ের বিএনপি ও যুবদলের একাধিক নেতাকর্মী এ সিদ্ধান্তকে স্বাগত জানান এবং বলেন, ব্যক্তিগত অনৈতিক কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না।


চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ