নানা কর্মসূচিতে সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আব্দুল মোতালেবের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

সাতক্ষীরা জেলা প্রতিনিধি।।


নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কাফেলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, বিশিষ্ট সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক আব্দুল মোতালেবের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।


মঙ্গলবার (২ জুন) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শহরের রসুলপুর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাবের সাংবাদিকরা। পরে বেলা ১০টায় প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মিনির সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ বিশ্বাস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আক্তারুজ্জামান বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইদুজ্জামান ইদ্রিস, সাবেক নির্বাহী কমিটির সদস্য এম রফিক, নির্বাহী সদস্য এম জিল্লুর রহমান, শহিদুল ইসলাম ও কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আলোচনা সভায় বক্তারা বলেন, আব্দুল মোতালেব ছিলেন একজন প্রথিতযশা সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক। সাংবাদিকতা, শিক্ষা ও মানবকল্যাণে তার অবদান আজও স্মরণীয় হয়ে আছে। তিনি জেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং তার হাতে গড়া প্রতিষ্ঠানগুলোতে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।


বক্তারা আরও বলেন, আব্দুল মোতালেব ছিলেন ‘সাংবাদিক গড়ার কারিগর’। তার প্রতিষ্ঠিত দৈনিক কাফেলা পত্রিকার মাধ্যমে এবং সরাসরি তত্ত্বাবধানে গড়ে ওঠা অনেক সাংবাদিক বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও দ্য বাংলাদেশ অবজারভারের সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।


স্মরণসভায় বক্তারা তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার আদর্শ অনুসরণের মাধ্যমে সমাজ ও সাংবাদিকতার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।


উল্লেখ্য, আব্দুল মোতালেব সাতক্ষীরার প্রাচীনতম সংবাদপত্র দৈনিক কাফেলার প্রতিষ্ঠাতা সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সেন্ট্রাল ম্যানেজিং বোর্ডের সদস্য এবং সাতক্ষীরা ইউনিটের সহ-সভাপতি ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং জেলা স্কাউট, জেলা শিল্পকলা একাডেমি, সাংস্কৃতিক পরিষদ, ক্রীড়া সংস্থা ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।


২০০২ সালের ২ জুন চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তবে তার কর্ম, আদর্শ ও অবদান আজও সাতক্ষীরাবাসীর হৃদয়ে অম্লান হয়ে রয়েছে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ