মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মাদকের টাকার জন্য ছেলের নির্যাতনের অভিযোগের পর এক মায়ের মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহত কহিনুর বেগম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং অলি মেস্তুরীর স্ত্রী। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তার ছেলে মো. তারেক (২০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের অর্থ জোগাড় করতে সে প্রায়ই পরিবারের সদস্যদের ওপর চাপ সৃষ্টি করত বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যদের দাবি, গত সোমবার (১৫ জুন) সন্ধ্যায় নিজ বাড়িতে মাদকের টাকা চেয়ে মায়ের সঙ্গে তারেকের বাকবিতণ্ডা হয়। মা কহিনুর বেগম টাকা দিতে অপারগতা প্রকাশ করলে একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্বজনরা।
এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েন কহিনুর বেগম। পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ও ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি বিষপান করেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্ত তারেকের বিরুদ্ধে মাদকাসক্ত অবস্থায় তার স্ত্রীকে মারধরের অভিযোগও রয়েছে।
চর জব্বর থানার ওসি লুৎফর রহমান জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে তার দাফন সম্পন্ন হয়। স্থানীয়দের মতে, মাদকের ভয়াবহ ছোবলে একটি সুখী পরিবার আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
আপনার মতামত লিখুন :