রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মোঃ মাসুদ রানা
সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভুইয়াগাতি এলাকায় অবস্থিত রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক রানা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন বকুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে তিনি এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক রাজা, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক আইয়ুব আলী মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইয়াকুব হোসেন তালুকদারসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে স্থানীয় সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :