রায়গঞ্জের পালপাড়ায় সরস্বতী-দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানঘড়া পালপাড়ায় চলছে সরস্বতী ও দুর্গাপূজার প্রতিমা তৈরির ব্যস্ততা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কারিগররা।


মাটির তৈরি প্রতিমায় নিপুণ হাতে ফুটিয়ে তুলছেন দেব-দেবীর অবয়ব। কেউ মাটি প্রস্তুত করছেন, কেউ কাঠামো তৈরি করছেন, আবার কেউ প্রতিমায় দিচ্ছেন শেষ মুহূর্তের কারুকাজ। এভাবেই বংশপরম্পরায় চলে আসা মৃৎশিল্পের ঐতিহ্য ধরে রেখেছেন পালপাড়ার কারিগররা।

কারিগররা জানান, প্রতিবছরের তুলনায় এবারও প্রতিমার দাম খুব একটা বাড়েনি। অথচ মাটি, খড়, বাঁশ, রংসহ প্রতিমা তৈরির প্রয়োজনীয় সব উপকরণের দাম বেড়েছে। ফলে আগের দামে প্রতিমা বিক্রি করে তাদের উৎপাদন খরচ উঠছে না; বরং অনেক সময় লোকসান গুনতে হচ্ছে।


তারা বলেন, “এ কাজ আমাদের বাপ-দাদার আমল থেকে চলে আসছে। লক্ষ্মী, সরস্বতী, কালী, দুর্গাসহ বিভিন্ন ধরনের প্রতিমা আমরা তৈরি করি। আয় কম হলেও পূর্বপুরুষদের স্মৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এখনো এই পেশা আঁকড়ে আছি। কিন্তু ক্রেতারা যে দামে প্রতিমা কিনতে চান, সেই দামে আমাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।”


রনি কুমার পাল এবং রঞ্জিত কুমার পাল প্রতিমা কারিগররা আরও জানান, বর্তমান সময়ে মৃৎশিল্পের সঙ্গে জড়িত অনেক পরিবার অর্থনৈতিক সংকটে রয়েছে। তাই সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তাদের দাবি—এই ঐতিহ্যবাহী পেশার সঙ্গে জড়িত কারিগরদের জন্য সরকারি সহায়তা, সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হোক।


তাদের প্রত্যাশা, সরকারি সহযোগিতা পেলে একদিকে যেমন পরিবারগুলোর জীবিকা সহজ হবে, অন্যদিকে বংশপরম্পরায় চলে আসা ঐতিহ্যবাহী মৃৎশিল্পও টিকে থাকবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ