দখলের খবর প্রকাশের পর ঘটনাস্থলে এমপি, উচ্ছেদ করা হলো দলীয় কার্যালয়ের ঘর


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক, সুবর্ণচর (নোয়াখালী):


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের দক্ষিণ চরবাগ্যা গ্রামের ১০নং দীঘি বাজারে সরকারি জায়গায় থাকা জনসাধারণের ব্যবহারের বাথরুম ভেঙে নির্মিত বিএনপির দলীয় কার্যালয়ের ঘর উচ্ছেদ করা হয়েছে।


গতকাল বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর শুক্রবার বিকেলে সরাসরি ঘটনাস্থলে গিয়ে উচ্ছেদ অভিযানে অংশ নেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান। তার নির্দেশনায় সরকারি জায়গায় নির্মিত ঘরগুলো উচ্ছেদ করে জায়গাটি দখলমুক্ত করা হয়। সংসদ সদস্যের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উচ্ছেদের পর এমপি মো. শাহজাহান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকারি জায়গা দখল করে কিংবা জনসাধারণের ব্যবহারের কোনো স্থাপনা ভেঙে দলীয় কার্যালয়সহ কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।


তিনি আরও বলেন, কোনো ব্যক্তির কর্মকাণ্ডের কারণে যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। সরকারি জায়গা দখল ও জনসাধারণের সুবিধা নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দেন তিনি। এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে যেন দলের বদনাম না হয়। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড না করার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।


অভিযানে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বাজারের ব্যবসায়ীদেরও সরকারি জায়গা দখল কিংবা জনসাধারণের ব্যবহারের সুবিধা নষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান সংসদ সদস্য।


এর আগে সরকারি জায়গায় জনসাধারণের ব্যবহারের জন্য নির্মিত বাথরুম ভেঙে সেখানে দুটি ঘর নির্মাণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টাঙানোর বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পরদিনই ঘটনাস্থলে গিয়ে ঘরগুলো উচ্ছেদ করা হলো।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ