সুবর্ণচরে সড়কের দুর্ভোগের সংবাদের পর খাসের হাট সড়কের সংস্কার, পথচারীদের স্বস্তি


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি।।


নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা খাসের হাট থেকে খাসের হাট রাস্তার মাথা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করা হয়েছে। স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও খাসের হাট বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে এক কিলোমিটারের বেশি এই সড়কটি সংস্কার করায় দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে পথচারীরা স্বস্তি পেয়েছে।


শনিবার (২০ জুন) সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিলের তত্ত্বাবধানে সড়কের বিভিন্ন স্থানের বড় বড় গর্ত ইটের খোয়া, কণা ও বালি দিয়ে ভরাট করে চলাচল উপযোগী করা হয়।


এ সড়ক দিয়ে প্রতিদিন হালকা ও ভারী যানবাহন, শিক্ষার্থী, রোগী, সিএনজি, অটোরিকশা, পথচারীসহ হাজারো মানুষ চলাচল করেন। পাশাপাশি সড়কের দুই পাশে রয়েছে আবাসিক এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, ক্লিনিক, দোকানপাট, এনজিও ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। বর্ষা প্রায় শুরু হয়ে যাওয়ায় সড়কটি আরও ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা ছিল। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়।


সড়ক সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন শাকিল, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান, চরবাটা ইউনিয়ন যুবদলের সভাপতি নুর মোহাম্মদ ভুট্টু, চরবাটা ইউনিয়ন কৃষক দলের সভাপতি কাজল, চরবাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহিউদ্দিন মহিম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুশান্ত দেবনাথ, যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন সাজু ও স্বেচ্ছাসেবক দল নেতা আজাদসহ স্থানীয় নেতাকর্মী ও খাসের হাট বাজারের ব্যবসায়ীরা।


এ বিষয়ে বেলাল হোসেন সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ জানান, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান সব সময় উন্নয়ন ও সংস্কারমূলক কাজকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় এলাকার জনস্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বর্ষা মৌসুমে জনদুর্ভোগ কমাতে এই সড়কটির সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।


তারা আরও জানান, এটি আপাতত জরুরি ভিত্তিতে সংস্কার করা হয়েছে যাতে বর্ষাকালে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন। ভবিষ্যতে সরকারি বরাদ্দের মাধ্যমে সড়কটি টেকসইভাবে আরসিসি ঢালাই করে নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। এদিকে ব্যস্ততম এই সড়কটি সংস্কারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা। তারা দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


উল্লেখ্য, গত ১৮ জুন স্থানীয় সাংবাদিক মো. রেদওয়ান হোসেন সড়কটির বেহাল অবস্থার ওপর একটি ভিডিও প্রচার করার পর বিষয়টি স্থানীয়ভাবে গুরুত্ব পায়। এরপর দ্রুত উদ্যোগ নিয়ে সড়কের গর্তগুলো বালি ও ইটের খোয়া দিয়ে ভরাট করে চলাচলের উপযোগী করা হয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ