জুতা সেলাই করে জীবিকা, প্রতিদিন হাজারো শালিককে খাবার দেন স্বপন কুমার


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:


জীবন-জীবিকার তাগিদে প্রতিদিন জুতা সেলাই করেন। দিন এনে দিন খেয়ে কোনো রকমে সংসার চালান। নিজের অভাব-অনটন থাকলেও প্রাণীদের প্রতি তাঁর ভালোবাসায় যেন কোনো কমতি নেই। প্রতিদিন সকালে নিজের সামর্থ্য অনুযায়ী হাজারো শালিক পাখিকে খাবার দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৪ নম্বর ঘুড়কা ইউনিয়নের ভুইয়াগাতী গ্রামের প্রতিবন্ধী ও অসহায় জুতা সেলাইকারী শ্রী স্বপন কুমার রবিদাস।


স্বপন কুমার রবিদাস পেশায় একজন মুচি। জুতা সেলাই করে যে সামান্য আয় হয়, তা দিয়েই চলে তাঁর সংসার। অভাবের সংসার হলেও প্রতিদিন সকালে ঘড়ির কাঁটা সাতটা থেকে আটটার মধ্যে পৌঁছালেই তিনি শালিক পাখিদের জন্য খাবার নিয়ে নির্দিষ্ট স্থানে হাজির হন। তাঁর খাবারের অপেক্ষায় সেখানে জড়ো হয় অসংখ্য শালিক। প্রতিদিন নিয়ম করে পাখিদের খাবার খাওয়ানো যেন তাঁর জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।


স্থানীয়রা জানান, স্বপন কুমারের নিজের জীবনই যেখানে নানা সীমাবদ্ধতায় ভরা, সেখানে নিজের কষ্টের কথা না ভেবে নির্বাক প্রাণীদের জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করা সত্যিই প্রশংসনীয়। তাঁর এই ব্যতিক্রমী ভালোবাসা ও মানবিক কর্মকাণ্ড দেখে এলাকার মানুষও বিস্মিত ও মুগ্ধ।


শুধু পাখিদের খাবার দেওয়াই নয়, অসহায় এই মানুষটির প্রাণীদের প্রতি মমত্ববোধ স্থানীয়দের মাঝে মানবিকতার নতুন বার্তা সৃষ্টি করেছে। তাঁর এই উদ্যোগ প্রমাণ করে—মানবিক হতে বড় অর্থ বা বিত্তের প্রয়োজন হয় না; প্রয়োজন শুধু একটি সুন্দর মন।


স্বপন কুমার রবিদাসের এমন ব্যতিক্রমী উদ্যোগের কথা ছড়িয়ে পড়ায় তাঁকে দেখতে ও তাঁর কর্মকাণ্ড প্রত্যক্ষ করতে অনেকেই ভুইয়াগাতী এলাকায় আসছেন। স্থানীয় জনসাধারণ তাঁর এই মহৎ কাজের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষরা যদি স্বপন কুমারের মতো প্রাণীদের প্রতি একটু সহানুভূতিশীল হন, তাহলে প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে।


অভাব-অনটনের মধ্যেও প্রতিদিন হাজারো শালিকের মুখে খাবার তুলে দিয়ে স্বপন কুমার রবিদাস যেন নীরবে বলে চলেছেন—মানবিকতার জন্য অর্থ নয়, প্রয়োজন ভালোবাসা ও একটি উদার হৃদয়।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ