সড়ক ঘেঁষে গভীর পুকুর খনন: বিলীনের ঝুঁকিতে কয়েক গ্রামের চলাচলের পথ


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

 আরিফুল ইসলাম আরিফ,  উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।। 


সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি পাকা রাস্তাকে পুকুরের পাড় হিসেবে ব্যবহার করে গভীর পুকুর খননের অভিযোগ উঠেছে। এতে যেকোনো সময় সড়কটি পুকুরে ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।


 উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ছয়বাড়িয়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে, যার ফলে অন্তত ৮-১০টি গ্রামের মানুষের যাতায়াত হুমকির মুখে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, এলজিইডির নিয়ন্ত্রণাধীন পুকুরপাড় মাদ্রাসা থেকে চড়ুইমুড়ি বাজার সংযোগ সড়কের ছয়-বাড়িয়া পশ্চিমপাড়া এলাকায় রাস্তার একদম কোল ঘেঁষে পুকুর খনন করা হয়েছে। পুকুরটি প্রায় ১৫ থেকে ২০ ফুট গভীর করা হয়েছে এবং সড়কের অংশটিকেই পুকুরের পাড় হিসেবে ব্যবহার করা হচ্ছে। 


গত দুই দিনের বৃষ্টিতে ইতোমধ্যে সড়কের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যেই পুকুর মালিক সেখানে পানি সেচ দেওয়া শুরু করেছেন, যা ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ এই সড়কটি দিয়ে প্রতিদিন অন্তত ৮-১০টি গ্রামের মানুষ ও যানবাহন চলাচল করে। কোনো গাইড ওয়াল ছাড়াই এভাবে গভীর পুকুর খনন করায় বৃষ্টির পানি জমলে পুরো রাস্তাটি ধসে যাবে। 


জনস্বার্থ উপেক্ষা করে ব্যক্তি বিশেষের এমন কাজে তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। পুকুরের মালিক সোহরাব হোসেন নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, আমি আমার নিজের জায়গায় পুকুর কাটছি। রাস্তাটিও আমার জায়গার ওপর দিয়েই গেছে। সরকার যদি পুরো অংশে গাইড ওয়াল করে দিত, তবে এই সমস্যা হতো না। 


 এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং আগামীকাল সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে, বিষয়টি নিয়ে কথা বলার জন্য উল্লাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা-র সরকারি মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তীব্র ঝুঁকি নিয়ে চলাচলকারী এলাকাবাসীর এখন একটাই দাবি—জনগুরুত্বপূর্ণ এই সড়কটি রক্ষায় যেন দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। 


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ