মাগুরা জেলা প্রতিনিধি:
যৌথভাবে মুরগির খামারের ব্যবসা করার কথা বলে এক লাখ ১৫ হাজার টাকা নেওয়ার পর এক দম্পতি সপরিবারে মাগুরা থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ২১ আগস্ট থেকে ওই দম্পতির সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে দাবি করেছেন ভুক্তভোগী। তাদের সন্ধান পেতে সহযোগিতা চেয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার মুরগিরচর এলাকার আব্দুর রশিদ সরদারের মেয়ে শাপলা খাতুন (ছদ্মনাম সুমাইয়া) এবং তার স্বামী সাতক্ষীরা সদর উপজেলার পূর্ব দহাকুলা এলাকার মো. আকরাম আলীর ছেলে মো. হাসান আলী (ছদ্মনাম হাবিব) ২০২৫ সালের ডিসেম্বর থেকে মাগুরা শহরের পারনান্দুয়ালী পূর্ব মুন্সিপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
এলাকায় বসবাসের সুবাদে স্থানীয় সাংবাদিক শাহিনের সঙ্গে ওই দম্পতির পরিচয় হয়। একপর্যায়ে তারা যৌথভাবে মুরগির খামারের ব্যবসা করার কথা বলে তাঁর কাছ থেকে পর্যায়ক্রমে মোট ১ লাখ ১৫ হাজার টাকা নেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক শাহিনের দাবি, ব্যবসা পরিচালনার কথা বলে টাকা নেওয়ার পর গত ২১ আগস্ট ওই দম্পতি কাউকে কিছু না জানিয়ে সপরিবারে ভাড়া বাসা ছেড়ে চলে যান। এরপর থেকে তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।
শাহিন আরও জানান, বর্তমানে ওই দম্পতির অবস্থান সম্পর্কে তিনি কিছুই জানেন না। তাদের সঙ্গে যোগাযোগের কোনো উপায়ও পাওয়া যাচ্ছে না।
এ ঘটনায় ভুক্তভোগী সংশ্লিষ্ট দম্পতির সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। তাদের পরিচয়, অবস্থান বা বর্তমান ঠিকানা সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৭১০-৭৬১০২৮ অথবা ০১৭৫৭-৫৯৬৪০৩, এই ঘটনায় মাগুরা সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :